সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কারের বিষয়ে লিখিত মতামত জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসব সুপারিশ জমা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
পরবর্তীতে সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংস্কারের ওপর জোর দিয়েছে। তিনি বলেন, আমিরে জামায়াতসহ দলের নেতৃবৃন্দ নিয়মিতভাবে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হলেও, দলটি তা নিয়ে কোনো বিরোধ প্রকাশ করেনি।
তিনি আরও বলেন, “আজ আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মতামত তুলে ধরেছি। কিছু বিষয় নিয়ে কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হতে পারলেও, কিছু বিষয়ে আমাদের মতামত ভিন্ন ছিল। আমরা আমাদের বক্তব্য ব্যাখ্যাসহ উপস্থাপন করেছি।”
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে এবং আশা প্রকাশ করেছেন, দ্রুত সংস্কার সম্পন্ন করে একটি কার্যকর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করবে।
সুত্রা২৪


