ঘুষ লেনদেনের মাধ্যমে হত্যামামলায় দায়মুক্তি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শিল্পগোষ্ঠী পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ নেওয়া হয়। এক-এগারোর সময় দুদক এই মামলাটি দায়ের করেছিল। ২০০৮ সালের ১৪ জুলাই আদালত তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
তারেক রহমানের আইনজীবীরা জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারা দাবি করেন, এই মিথ্যা মামলায় তারেক রহমানসহ অন্যান্যদের হয়রানি করা হয়েছে, এবং দুদকের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা রয়েছে।
এ রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই, বলছেন তার আইনজীবীরা। তারা জানান, বিচারিক আদালতে তার বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই।
সুত্রা২৪


