বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরে আসবেন। তার কিছুদিন পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরতে পারেন।
বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে এই তথ্য সাংবাদিকদের জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
তিনি জানান, “আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদের পর দেশে ফিরতে, এবং তিনি আমাদের অনুরোধ রেখেছেন। তাই তিনি এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।”
এছাড়া তিনি বলেন, “ডাক্তাররা তার চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন, তবে ফ্লাইটেরও একটি বিষয় রয়েছে। নির্ধারিত সময়ে ফ্লাইট না পেলে হয়তো দু’একদিন দেরি হতে পারে। তবে তিনি দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “ম্যাডাম খালেদা জিয়া দেশে যাওয়ার কিছুদিন পর হয়তো তারেক রহমান ফিরবেন। তবে আমি বিশ্বাস করি, একসাথে দুজন একসাথে ফিরে আসবেন না।”
লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ।
সুত্রা২৪


