বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকের একিউআই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল ১০টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের রিপোর্টে ঢাকার একিউআই স্কোর ছিল ২২৪, যা বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে সর্বোচ্চ।
এ সময় দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর (একিউআই ১৯১) এবং তৃতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি (একিউআই ১৮৯)। চতুর্থ স্থানে ছিল থাইল্যান্ডের চিয়াংমাই, যার স্কোর ছিল ১৭৪।
বিশেষজ্ঞরা জানান, ঢাকার দীর্ঘমেয়াদি বায়ুদূষণ নাগরিকদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। বাতাসে অতিরিক্ত বস্তুকণা (PM2.5 ও PM10), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO2) এবং ওজোন (O3) থাকায় শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিলতা তৈরি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়।
ঢাকার বায়ুদূষণ কমাতে বিশেষজ্ঞরা পরিবেশবান্ধব উদ্যোগ, সবুজায়ন, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। এছাড়া, নাগরিকদের মাস্ক পরার পাশাপাশি শিশু ও প্রবীণদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


