বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকবে।
শনিবার (২২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এক পূর্বাভাসে জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা/ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (২৩ মার্চ) একই ধারা বজায় থাকবে, সারাদেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৪ মার্চ) সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে সারাদেশে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।


