আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’। শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
জুলাই আন্দোলনের সময়কার স্লোগান মুখে নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন সেই সময়ের আহত অভ্যুত্থানকারীরা। তারা দাবি করেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ গণহত্যার মতো অপরাধ করেছে এবং এই দলে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। দাবি না মানা হলে দেশব্যাপী ঢাকামুখী অবরোধের ঘোষণা দেন তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “আমরা বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবনযাপন করছি। দেশের স্বার্থে আমাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এ সময় তারা অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহীদ মিনারের দিকে রওনা হন এবং সেখানে অবস্থান নেন।


