স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন।
শনিবার (২২ মার্চ) সকালে তিনি বাহিনী দুটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি অধস্তন সদস্যদের আবাসন, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। পাশাপাশি বাহিনী দুটির সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে র্যাব ও এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ চেকপোস্ট, থানা ও মোড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, নিউমার্কেট থানা, শাহবাগ, হাতিরঝিল, গুলশানসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পথিমধ্যে কিছু অলিগলিও ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


