মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
যুক্তরাষ্ট্রে সব দেশের পণ্যের ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে, যেখানে আগে এই হার ছিল ১৫ শতাংশ।
হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হয়েছে, বাংলাদেশ আমেরিকান পণ্যের ওপর গড়ে ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে আসছে। এর জবাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পোশাক খাতে, যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার।
ঢাকার শিল্প নেতারা আশঙ্কা করছেন, এই শুল্ক বৃদ্ধির ফলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।


