বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জয় বাংলা’ কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্লোগান নয়—এটি বাংলাদেশের স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন ‘জয় বাংলা’ থাকবে।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, “গত ২৫ বছর আমি একবারও ‘জয় বাংলা’ বলিনি। কিন্তু আজ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করলাম—আজ থেকে আমি ‘জয় বাংলা’ বলব। ‘জয় বাংলা’ হবে আমাদের সবার।”
তিনি বলেন, “আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজ দেশে যে অবকাঠামো, দালানকোঠা, রাস্তাঘাট দেখা যায়—সবই স্বাধীনতার ফসল। অথচ আজ অনেকেই সেই স্বাধীনতার মুল্য বোঝে না।”
২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, “স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের স্লোগান দেওয়ায় গ্রেপ্তার লজ্জাজনক। ‘জয় বাংলা’ কারো একার নয়, এটা জাতির স্লোগান, স্বাধীনতার স্লোগান।”
সরকার পতন প্রসঙ্গে তিনি বলেন, “গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করেন, এটা স্বাধীনতার পতন—না, তা নয়। যারা আজ বিপ্লব ঘটিয়েছেন, আমি তাদের সাধুবাদ জানাই। তবে তারা সঠিক পথে থাকলে মানুষ বহুদিন তাদের মনে রাখত। কিন্তু তারা স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। বঙ্গবন্ধুকে মানে না, জিয়াউর রহমানকেও মানে না—এটা জাতির জন্য শুভ লক্ষণ নয়।”
অনুষ্ঠানে কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্ত্রী নাসরিন সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী, মেয়েরা কুঁড়ি ও কুঁশি সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


