33.9 C
Dhaka
Sunday, June 21, 2026

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষকে স্বাবলম্বী করবে জামায়াত

advertisment
- Advertisement -spot_img

স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গরিব ও বেকার মানুষের মাঝে গবাদিপশু বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। রোববার (৬ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচজন হতদরিদ্র নারী ও যুবকের হাতে গাভী ও ছাগল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “জনগণের ভাগ্যোন্নয়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি নাগরিকের জীবনে মৌলিক পরিবর্তন আনা হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি ও শোষণের শৃঙ্খল ভেঙে দিতে হলে জনগণকেই পরিবর্তনের নেতৃত্ব নিতে হবে। জামায়াত সেই নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগর উত্তর নায়েবে আমির হাফিজুর রহমান বলেন, “শুধু রাজনৈতিক আন্দোলন নয়, জামায়াত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের জীবনে স্বনির্ভরতার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। আত্মকর্মসংস্থানের জন্য গবাদিপশু প্রদান কর্মসূচি তারই একটি অংশ।”

জামায়াত নেতারা জানান, এই কর্মসূচির আওতায় আগামী তিন মাসে ঢাকা মহানগর উত্তর এলাকায় ১০০ পরিবারকে গবাদিপশু দেওয়া হবে। পাশাপাশি এইসব পরিবারের জন্য পশু পালনে প্রশিক্ষণ এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, মিরপুর থানা আমির মাহবুব আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ৫ জন বেকার নারী-পুরুষের হাতে ৩টি গাভী ও ২টি ছাগল তুলে দেওয়া হয়। নেতারা জানান, এটি সমাজের অবহেলিত মানুষের জন্য আত্মনির্ভরশীলতার পথে একটি ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ।

তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জামায়াত পুরো দেশের দরিদ্র জনগোষ্ঠীকে দক্ষ, স্বনির্ভর ও মর্যাদাশীল নাগরিকে রূপান্তর করবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ