32.4 C
Dhaka
Wednesday, June 17, 2026

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক বিপ্লবী ছাত্র পরিষদের

advertisment
- Advertisement -spot_img

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও ছাত্র ধর্মঘটের আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সারাদেশে এই ধর্মঘট পালিত হবে।

আজ রোববার সংগঠনের সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া জাতিগত নিধনের সর্বশেষ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি বাহিনী। রাফাহ জনপদকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। খানইউনিস, জাবালিয়া ও গাজার প্রতিটি প্রান্তে গণহত্যা চরম আকার ধারণ করেছে। পশ্চিম তীরেও একইভাবে হত্যাযজ্ঞ চলছে।”

এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ এবং মুসলিম বিশ্বের নিস্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “এমন নৃশংস হত্যাযজ্ঞের মুখেও বিশ্ব পরাশক্তিগুলো নীরব। এই নিষ্ক্রিয়তা ভাঙতে এবং ইসরায়েলকে সামরিক আগ্রাসন বন্ধে বাধ্য করতে বিশ্বজুড়ে ধর্মঘট অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।”

বিপ্লবী ছাত্র পরিষদ বাংলাদেশে বসবাসকারী ছাত্র সমাজ ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “গাজার পক্ষে দৃঢ় অবস্থান নিতে আগামীকাল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট বাস্তবায়ন করুন। প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশের মাধ্যমে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন।”

সংগঠনটি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট সফল করার জন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ