বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে ৩৭ শতাংশ শুল্কের প্রস্তাব আগামী তিন মাসের জন্য স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চিঠিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বাংলাদেশ রপ্তানি খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে।
চিঠিতে বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন ট্রেড পলিসির প্রতি সমর্থনও জানানো হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলা যাতে দ্রুত বাংলাদেশি বাজারে প্রবেশ করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এর আগে রবিবার এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছিলেন, সরকার থেকে দুটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হবে। একটি প্রেসিডেন্ট ট্রাম্পকে এবং অপরটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর কাছে পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা।
উল্লেখ্য, চলমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কের প্রস্তাব বাংলাদেশের রপ্তানি বাজারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
সুত্রা২৪


