জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো দেশের জনগণের প্রতিনিধিত্ব করে এবং তাদের মতামতও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পাশাপাশি সাধারণ জনগণের মতামত নিশ্চিত করতে জরিপ চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশন এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি-এর মধ্যে অনুষ্ঠিত আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আলী রীয়াজ আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সবার অংশগ্রহণের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করা, যাতে আমরা সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারি। এটি শুধু কোনো বিশেষ গোষ্ঠীর নয়, প্রকৃতপক্ষে জাতির বৃহত্তর স্বার্থে ঐকমত্য হতে হবে।”
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে এবং তাঁদের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার কার্যক্রমের জন্য সঠিক দিশা পাওয়া সম্ভব।” তিনি আরও জানান, জনগণের মতামত গ্রহণের জন্য কমিশন ওয়েবসাইটের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যাতে সবাই তাদের মতামত জানাতে পারে। এছাড়া, সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করার জন্য একটি জরিপ চালানোর বিষয়েও আলোচনা চলছে।
ঈদুল ফিতরের ছুটির পর থেকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার নতুন পর্ব শুরু করেছে। এই আলোচনায় এবি পার্টি-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
এদিকে, সংস্কার প্রক্রিয়ার প্রথম পর্যায়ে গঠিত কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশগুলি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে এবং কমিশন পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে।


