গাজা এবং রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আগামী শুক্রবার (১১ এপ্রিল) পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে ১২ এপ্রিল শনিবার সার্বজনীনভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
এমন সিদ্ধান্ত ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে সংগঠনটি গ্রহণ করেছে। সোমবার (৭ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই কনসার্টটি ঢাকা সহ বগুড়া, চট্টগ্রাম, এবং খুলনা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গাজার সঙ্কটের কারণে কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে।
গাজা এবং রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে। বিশেষ করে, শিশু, নারী, এবং বৃদ্ধদের প্রতি নৃশংসতা, গাজার মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যরা।
এদিকে, সংগঠনটি ‘The World Stops for Gaza’ কর্মসূচিতে অংশগ্রহণ করে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।
এছাড়া, কনসার্টের বিস্তারিত তথ্য জানানো হয়েছে, যেখানে দেশের চারটি মহানগরীতে কনসার্ট শুরু হবে বিকাল ৩টা থেকে। ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস এবং সেখানে আরও পারফর্ম করবেন দেশীয় জনপ্রিয় ব্যান্ড এবং শিল্পীরা যেমন ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, প্রীতম হাসান, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, আফটার ম্যাথ, সেলিম চৌধুরী, আлеয়া বেগম এবং মিফতা জামান।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, খুলনা জেলা স্টেডিয়াম এবং বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে যথাক্রমে একাধিক বিখ্যাত ব্যান্ড এবং শিল্পীরা অংশ নেবেন, যেমন মাইলস, ওয়ারফেজ, আর্টসেল, আকলিমা মুক্তা, খুরশীদ আলম, কনা, তাহসান খান এবং আরও অনেকে।
এই পরিবর্তিত কনসার্টের মাধ্যমে দেশব্যাপী একটি শক্তিশালী প্রতিবাদ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে, যা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন প্রদর্শন করবে।
সুত্রা২৪


