ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে “নো ওয়ার্ক, নো স্কুল” কর্মসূচির সমর্থনে বিক্ষোভ করেছে। ৮ এপ্রিল, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ এবং নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
ছাত্রদল নেতারা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দও বিক্ষোভে অংশ নেন। বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানাই এবং বিশ্বজুড়ে যারা এর বিরুদ্ধে আন্দোলন করছেন তাদেরকে সাধুবাদ জানাই।” তিনি এই ধরনের হামলাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এছাড়া বাটা, কেএফসি, পিজ্জা হাটে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, “ইসরায়েলের আগ্রাসন ও মুসলিম হত্যার বিরুদ্ধে বিশ্বে প্রতিবাদের আওয়াজ আরও জোরদার করতে হবে।” সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, “আমেরিকা সরাসরি বা পরোক্ষভাবে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের দাবি, মুসলিম দেশগুলো এক হয়ে এই গণহত্যা বন্ধ করতে উদ্যোগী হোক।”
তবে বক্তারা সাফ জানিয়েছেন, তারা ইসরায়েলি পণ্য বয়কট করলেও বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার সমর্থক নয়।


