ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশে বিভিন্ন শহরে বাটা, কেএফসি ও অন্যান্য দোকান-রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল আয়োজিত গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশে কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, আমরা এর নিন্দা জানাই। সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে স্পষ্ট। তারা আগেভাগেই সতর্কতা গ্রহণ করলে এ ধরনের ঘটনা ঘটত না।”
এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়েও মন্তব্য করেন সালাহ উদ্দিন। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল নামটি বাদ দিয়ে তাদের কার্যত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। অথচ তারা সবসময় মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কথাবার্তা বলত।”
সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, “বিশ্বের মুসলিম নেতাদের কাছে আবেদন, আপনারা বিশ্বের সমস্ত নির্যাতিত মুসলমানদের পক্ষে সুর তোলেন এবং যেসব বড় শক্তি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।”


