ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতিষ্ঠিত বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) চলতি বছর বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে।
মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’-এর জন্য ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে। তবে বাংলাদেশের উন্নয়ন চাহিদা বিবেচনায় এ অর্থায়নের পরিমাণ তিন গুণের বেশি করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে এনডিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে বড় পরিসরে সহায়তা দেওয়ার পাশাপাশি বেসরকারি খাতেও ঋণ দেওয়ার আগ্রহ রয়েছে ব্যাংকের। পাশাপাশি তারা বহুমুদ্রায় ঋণ কার্যক্রম চালু করেছে, যা বাংলাদেশে বিনিয়োগকে আরও সহজ করবে বলে জানান কাজবেকভ।
প্রধান উপদেষ্টা এনডিবির ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের অবকাঠামো ও সামাজিক খাতে, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য আবাসন উন্নয়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বৈঠকে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিশ্চিত করতে এনডিবির উচিত ‘কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম’ চালু করা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।


