চলতি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র সাতদিনেই সিনেমাটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা—এ তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ‘বরবাদ’ মুক্তির নবম দিনেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শকপ্রবাহ রয়েছে।
২০২৩ সালের ঈদুল আযহায় মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এক মাসে যে অঙ্কের টিকিট বিক্রি করেছিল, ‘বরবাদ’ সেই অঙ্ক ছুঁয়ে ফেলেছে মাত্র এক সপ্তাহে।
বর্তমানে ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে চলছে প্রায় ৬৫টি শো। পাশাপাশি দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনেও ভালো ব্যবসা করছে সিনেমাটি।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া ‘চাঁদমামা’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।


