বিশ্ব পরিবর্তনের মতো উদ্ভাবনী ধারণা বাংলাদেশের কাছেই রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশ কেবল নিজের জন্য নয়, সারা বিশ্বের জন্য ব্যবসা ও উন্নয়নের দারুণ সম্ভাবনা তৈরি করতে পারে। একসময় যে ক্ষুদ্রঋণ একটি গ্রামের ক্ষুদ্র উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল, তা আজ আমেরিকার অন্যতম বৃহৎ খাতে পরিণত হয়েছে।”
স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি এবং কিছু সময়ের জন্য থেমে যান।
বিশ্ব পরিবর্তনে সবচেয়ে কার্যকর শক্তি হিসেবে ‘ব্যবসাকে’ উল্লেখ করে তিনি বলেন, “মানুষের ভাগ্য পরিবর্তনে একসঙ্গে কাজ করার যে অনুভূতি, তা স্বর্গীয়। কার্বন নির্গমন ছাড়াই টেকসই নতুন সভ্যতা গড়ে তোলা সম্ভব। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী পথে হাঁটছে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণ প্রজন্মই বিশ্বের নেতৃত্ব নেবে। তারা কেবল সরকারের দিকে তাকিয়ে থাকবে না বরং নিজেরাই উদ্যোগ নিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যাবে।”
বাংলাদেশকে সামাজিক ব্যবসার জন্য আদর্শ স্থান আখ্যায়িত করে তিনি বলেন, “দারিদ্র্য বিমোচনে দরিদ্র জনগোষ্ঠীকে ঘিরেই ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। আর সামাজিক ব্যবসার মডেল বাস্তবায়নের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে গত ৭ এপ্রিল, তবে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।
সুত্রা২৪


