আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বুধবার (৯ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপিকে এই সময় জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় অনুষ্ঠিত হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবার নির্বাচনের নির্ধারিত সময় ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত করার জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাইবে। এছাড়া নির্বাচন ঘিরে প্রয়োজনীয় সংস্কার, সুষ্ঠু রোডম্যাপ এবং সরকারের অবস্থান স্পষ্ট করতেও উদ্যোগ নেবে দলটি।
বিএনপির নেতারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা ব্যাখ্যা করার পাশাপাশি তারা সরকারের কাছ থেকে নির্দিষ্ট সময়সীমা ও প্রস্তুতি সম্পর্কে নিশ্চিত হতে চান।
দলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সময় চাওয়া হয় এবং আজ তা নির্ধারিত হয়।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তবে তিনি ১৬ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে। ফলে তিনিও বৈঠকে অংশ নিতে পারেন।
বিএনপির নেতারা মনে করছেন, এই বৈঠক হবে বেশ গুরুত্বপূর্ণ এবং ভিন্নমাত্রার। কারণ এবার তারা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট দিকনির্দেশনা চাইবেন। সরকারের পরিকল্পনা, নির্বাচনের রোডম্যাপ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই বৈঠক অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বলে ধারণা করছে বিএনপি।
সুত্রা২৪


