জলবায়ু পরিবর্তন ও শুষ্ক অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত ‘আর্থনা (আমাদের পৃথিবী)’ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই আন্তর্জাতিক সম্মেলনটি কাতার ফাউন্ডেশনের উদ্যোগে ২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিত হবে। এটি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এবং ড. ইউনূসকে এতে বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আর্থনা সম্মেলনের মূল লক্ষ্য—উষ্ণ জলবায়ুতে থাকা দেশগুলো কীভাবে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে উন্নয়ন করতে পারে, সে বিষয়ে সমাধান ও করণীয় নির্ধারণ করা। এই সম্মেলনে জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
ড. ইউনূস ছাড়াও সম্মেলনে বক্তব্য দেবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, আইইউসিএন-এর মহাপরিচালক ড. গ্রিথেল এগুইলার, ইরিনা-র ডেপুটি ডিরেক্টর গৌরী সিং প্রমুখ।
বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় গ্রহণযোগ্য সমাধান উপস্থাপনের প্রত্যাশা করা হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্যে।
এই সফরকে কূটনৈতিক ও বৈশ্বিক সংলাপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশকে জলবায়ু সহনশীল দেশ হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের ক্ষেত্রে।
সুত্রা২৪


