বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব গির্জা পরিষদ (WCC)-এর সাধারণ সম্পাদক রেভারেন্ড ড. জেরি পিল।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে ডব্লিউসিসি সম্পাদক অন্তর্বর্তী সরকারের শান্তি, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচেষ্টার প্রতি সংগঠনের দৃঢ় সমর্থন জানান।
রেভারেন্ড পিল বলেন, “আমরা এখানে এসেছি আপনার নেতৃত্বের প্রতি আমাদের সংহতি জানাতে। দুই দশক পর এই সফর আমাদের প্রতিশ্রুতি এবং বাংলাদেশের প্রতি সমর্থনের প্রতিফলন। আপনার সরকার একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে চেষ্টা করছে, আমরা তা সাধুবাদ জানাই।”
প্রধান উপদেষ্টা ইউনূস বিশ্ব গির্জা পরিষদের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পথটা সহজ নয়, তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতেও আপনাদের সমর্থন চাই।”
এই সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী ড. এ এফ এম খালিদ হাসান।
প্রসঙ্গত, বিশ্ব গির্জা পরিষদ বিশ্বের ৫০ কোটিরও বেশি খ্রিস্টানকে প্রতিনিধিত্বকারী ৩৫২টি গির্জার একটি বৈশ্বিক সংগঠন, যা আন্তঃধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী।
সুত্রা২৪


