পয়লা বৈশাখের চিরচেনা উৎসবের রঙ ও আমেজের পাশাপাশি এবার নববর্ষ উদযাপনে যোগ হয়েছে প্রতিবাদের অনন্য বার্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ষবরণ শোভাযাত্রায় এবার ফুটে উঠেছে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর শুরু হওয়া এই আনন্দ শোভাযাত্রা ছিল বর্ণিল মুখোশ, রঙিন প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী মোটিফে সাজানো, তবে এবার এক বিশেষ শিল্পকর্ম – ফ্যাসিস্টের মুখাবয়ব – বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
এই প্রসঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন,
‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে এলেন আরও ভয়ংকর রূপে!’
যা নতুন বছরের শুরুতেই একটি রাজনৈতিক বার্তা হিসেবে অনেকে ব্যাখ্যা করছেন।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক, রিকশাচালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং দেশের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এছাড়াও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে শোভাযাত্রায় দেখা যায় ফিলিস্তিনের পতাকা এবং তরমুজের প্রতীকী চিত্র।
বর্ষবরণের এই আয়োজন যেন হয়ে উঠেছে শুধুমাত্র উৎসব নয়, বরং প্রতিবাদ, প্রতিরোধ ও সংস্কৃতির এক শক্তিশালী মঞ্চ।


