33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

বৈশাখী শোভাযাত্রায় ৩৮ মনীষীর জীবন্ত রূপ—ইতিহাস-ঐতিহ্যে মুগ্ধ কুষ্টিয়ার কুমারখালী

advertisment
- Advertisement -spot_img

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে ঘিরে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় দেখা মিললো ৩৮ জন প্রভাবশালী মনীষীর জীবন্ত প্রতিকৃতি। ডামি হলেও তাদের রূপ-রঙ ও উপস্থিতি এমনভাবে ফুটিয়ে তোলা হয়, যেন ইতিহাস নিজেই চলেছে পথে পথে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রায় দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, ফকির লালন শাহ, মুঘল সম্রাট আকবর, কাঙাল হরিনাথসহ আরও বহু কিংবদন্তি চরিত্রের উপস্থিতি।

শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, দই-চিড়া খাওয়ার পর্ব ও পুরস্কার বিতরণ। অংশ নেয় শিল্পকলা একাডেমির ১২৫ জন শিল্পী। কয়েক হাজার দর্শনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতির মিলনমেলা।

ছাত্রী রুহিনা ইসলাম প্রজ্ঞা জানায়, “এতো বিখ্যাত মানুষদের একসাথে দেখে বিস্মিত। শোভাযাত্রা ছিল ইতিহাসের পাঠশালা।” আর কলেজছাত্র শুভ মোল্লা বলেন, “বন্ধুদের সঙ্গে এমন আয়োজনে যোগ দিতে পেরে দারুণ লাগছে।”

১৮ বছর ধরে মীর মশাররফ হোসেনের চরিত্রে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু বলেন, “এই চরিত্রে নিজেকে খুঁজে পাই। যতদিন বাঁচি, এই রূপেই বৈশাখ উদযাপন করবো।”

শোভাযাত্রায় আরও দেখা যায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান ও ফিলিস্তিন ইস্যু নিয়ে সচিত্র প্রদর্শনী। এসব চিত্র ও ডামির মাধ্যমে নতুন প্রজন্মের সামনে ইতিহাস ও সংস্কৃতিকে জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান ডামি পরিচালক, কবি ও নাট্যকার লিটন আব্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, “শোভাযাত্রায় ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি আর চেতনার অনন্য সংমিশ্রণ ঘটেছে। মানুষ নতুন চোখে দেখেছে পুরোনো বাঙালি গর্ব।”

এই আয়োজন প্রমাণ করে, আধুনিকতার ভিড়েও ঐতিহ্যকে ধারণ করে রাখা যায় আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ