আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরম, নির্দেশিকা, পোস্টারসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রয়োজন হবে এক লাখ ৭০ হাজার রিম কাগজ। এই কাগজ সংগ্রহ ও ছাপানোর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেস এই মুদ্রণ কাজ পরিচালনা করবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) এবং বিজি প্রেসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য উঠে আসে। বৈঠকের কার্যপত্র বিশ্লেষণে জানা গেছে, ৩০০টি আসনের নির্বাচনের জন্য ভোটার সংখ্যা প্রায় ১১ কোটি। নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে ব্যালট ছাপানোসহ বিভিন্ন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই কাগজের প্রয়োজন হবে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের জন্য ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, ৫ ধরনের পরিচয়পত্র, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ নির্দেশিকা মুদ্রণ করতে হবে। এই কাজগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার মুদ্রণ শুরু হবে এবং তা দ্রুত মাঠ পর্যায়ে সরবরাহ করতে হবে। এ ছাড়া ইসি জানায়, আগের সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ১ লাখ ৬১ হাজার রিম কাগজ ব্যবহার করা হয়েছিল, আর এবারের সম্ভাব্য প্রয়োজন হবে ১ লাখ ৭০ হাজার রিমের মতো, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৭৭ লাখ টাকার বেশি।
এ লক্ষ্যে নির্বাচন কমিশন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও বাংলাদেশ স্টেশনারি অফিসকে প্রয়োজনীয় কাগজের হিসাব ও মজুদের তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে।


