জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, মাঠপর্যায়ে প্রশাসন বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে, ফলে এই পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।
আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, “মাঠ প্রশাসন এখন নিরপেক্ষ আচরণ করছে না। এনসিপির অনেক নেতাকর্মী হামলার শিকার হচ্ছেন, অথচ প্রশাসন নীরব। চাঁদাবাজির মতো ঘটনায়ও তারা চুপ।”
তিনি আরো বলেন, “প্রশাসনের এমন ভূমিকার মধ্যে কোনো নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলেছি, একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশের পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচনে যাওয়া সম্ভব নয়।”
সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়
নাহিদ ইসলাম জানান, তাদের তিনটি মূল দাবি— সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, “আমরা ন্যূনতম নয়, রাষ্ট্রের মূলগত সংস্কার চাই। সেই পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর এমন নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা— তা এখনও বিবেচনার বিষয়।”


