বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেভাবে ভোটের সময়সীমা নির্ধারণ করেছেন, সেটাই তাদের কাছে গ্রহণযোগ্য। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিবেশ অনেক কষ্টে একটি অবস্থানে এসেছে। এখন প্রয়োজন দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। তা ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
জামায়াত আমির আরও বলেন, “সংস্কারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সহযোগিতা না করলে কাঙ্ক্ষিত ফল আসবে না, আর এর দায়ও তাদেরই নিতে হবে।”
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “পরস্পরের প্রতি সম্মান বজায় রাখতে হবে। ‘জিতলে সুষ্ঠু, হারলে দুষ্টু’—এই মানসিকতা ত্যাগ করতে হবে।”
ভোটের সময়সীমা প্রসঙ্গে তিনি জানান, “প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, সেটাই বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। আমরা চাই না এই সময়সীমা অতিক্রান্ত হোক।”
এর আগে বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক করে। বৈঠক শেষে বিএনপি জানিয়েছিল, নির্বাচনী সময়সূচি ও রোডম্যাপ নিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী স্পষ্টতা মেলেনি।
সুত্রা২৪


