স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করতে পুলিশকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, পুলিশের অধস্তন ফোর্সের থাকার ব্যবস্থা উন্নত করতে প্রধান উপদেষ্টার নির্দেশে থানা পরিদর্শন চলছে।
তিনি বলেন, “থানাগুলোর নিজস্ব ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর নয়টি থানা স্থানান্তর করা হবে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, “দেশের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ১৮ কোটি মানুষের দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ নয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হবে।”
তিনি আরও জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশের নিষ্ক্রিয়তা সহ্য করা হবে না। প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সুত্রা২৪


