‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় নিজের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ভারত, ‘র’ (RAW) ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁর অবস্থান অব্যাহত থাকবে। এসব বিষয়ে কথা বলা থেকে কেউ তাঁকে বিরত রাখতে পারবে না।
শনিবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তথ্যসন্ত্রাস করে আমাকে থামানো যাবে না। আমি ভারত আর ‘র’ এর বিরুদ্ধে কথা বলা থামাবো না। আর আওয়ামী লীগকে ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিবো না।”
প্রসঙ্গত, শুক্রবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’ শিরোনামে। পরে প্রতিবেদনটি সংশোধন করে নতুন শিরোনামে আপডেট করে পত্রিকাটি—‘এনসিপির সাধারণ সভা: নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা’। প্রতিবেদনের শেষে সংশোধনী যুক্ত করে জানানো হয়, অতিরিক্ত তথ্য পাওয়ার পর শিরোনাম ও বিষয়বস্তু সংশোধন করা হয়েছে।
ফেসবুক পোস্টে হাসনাত বলেন, “আপনারা ভেবেছেন দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে আমাকে থামাতে পারবেন? থামার হলে অনেক আগেই থেমে যেতাম। আমি কোনোদিন ভারত কিংবা ‘র’ এর তাবেদারি করিনি। করলেও তো বিলাসি জীবন পেতাম।”
তিনি আরও বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ কেউ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমার ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন—সবকিছু জনসাধারণের জন্য উন্মুক্ত।”
হাসনাত অভিযোগ করেন, প্রথম আলো দীর্ঘদিন ধরে ভারতবিরোধী ও দেশপ্রেমিক রাজনীতিকদের বিরুদ্ধে ‘তথ্যসন্ত্রাস’ চালিয়ে আসছে। তিনি মনে করেন, সম্প্রতি ‘র’ এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পরই তার বিরুদ্ধে এমন রিপোর্ট প্রকাশ মোটেও কাকতালীয় নয়।
শেষে তিনি বলেন, “আমাকে থামাতে হলে মারতে হবে। যতদিন প্রাণ আছে, আমি আওয়ামী লীগ, ভারত ও ‘র’ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”


