কিশোরগঞ্জ, ২০ এপ্রিল:
জেলার বিভিন্ন এলাকায় মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কসহ একাধিক স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
যদিও মিছিলটি আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত হয়, তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, প্রায় ১৫-২০ জন মুখে কালো কাপড় বেঁধে মিছিল করছেন এবং পলাতক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন।
এর আগেও জেলার বিভিন্ন উপজেলায় এমন মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এসব কর্মসূচি হঠাৎ করে আয়োজন করা হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “সকালে কিছু লোক মিছিল করেছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত করছি এবং যারা অংশ নিয়েছে, তাদের চিহ্নিত করতে কাজ চলছে।”
এদিকে, ছাত্রলীগ নেতাদের ফেসবুকে ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।
সুত্রা২৪


