33.1 C
Dhaka
Monday, June 15, 2026

জামালপুরে জামায়াতে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

রোববার (২০ এপ্রিল) রাতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এর আগে দুপুরে জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. আলী হোসেনকে দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

গত ১১ এপ্রিল জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আলী হোসেন জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুগত্য প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন ছাত্রদল ও যুবদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং চলমান কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একসময় জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর বহিষ্কার প্রসঙ্গে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “আদর্শ পরিবর্তন করে ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া বিএনপির শৃঙ্খলার পরিপন্থী। তাই কেন্দ্রীয় ও বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।”

বহিষ্কার বিষয়ে আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ