ঢাকা, ২১ এপ্রিল ২০২৫:
চীনের সঙ্গে ঘনিষ্ঠ ও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন।
চীনা গভর্নরের প্রথম বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেন, “আমরা খুব কাছে, কিন্তু যেন দূরে। চলুন, এই দূরত্ব ঘুচিয়ে দিই। আমরা কেবল ভালো প্রতিবেশী নয়, ঘনিষ্ঠ বন্ধু হতে চাই।”
ড. ইউনূস তার সাম্প্রতিক চীন সফরের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এবং বলেন, “দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার এখনই সময়।”
গভর্নর ওয়াং ইউবো বলেন, “আমার এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা। ইউনান চীনের দক্ষিণ এশিয়ামুখী দরজা হিসেবে প্রস্তুত।” তিনি জানান, ইউনানে একটি চীনা ব্যাংক ইতিমধ্যে ড. ইউনূস প্রবর্তিত ক্ষুদ্রঋণ মডেল বাস্তবায়ন করেছে।
বৈঠকে উভয়পক্ষ স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য, ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দেন। কুনমিংয়ের চারটি হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা গ্রহণের সুযোগ সৃষ্টির জন্য চীনের সহায়তায় কৃতজ্ঞতা জানান ড. ইউনূস।
তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশি শিক্ষার্থী চীনে অধ্যয়ন করছে এবং ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে চায় বলেও জানান ড. ইউনূস।
সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।


