আল হেলাল স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. দ্বীন মুহাম্মাদের বিরুদ্ধে অপারেশন থিয়েটারের সিস্টার ও ওটি বয় দিয়ে রোগীর অস্ত্রোপচারের গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন করানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এক রোগীর হার্নিয়া অপারেশনে এ ধরনের অনিয়মের লিখিত স্বীকৃতি দিয়েছেন তিনি নিজেই।
লিখিত বিবৃতিতে ডা. দ্বীন মুহাম্মাদ উল্লেখ করেন:
“আমি মোঃ এনায়েত হোসেন মোল্লা সাহেবের হার্নিয়া অপারেশন চলাকালীন সময়ের শেষে রোগীর সাবকিউটেনিয়াস, টিস্যু, ফ্যাট এবং ক্লোজার অপারেশন থিয়েটারের সিস্টার দিয়ে করিয়েছি। এতে কোন অপারেশন-পরবর্তী জটিলতা তৈরি হলে সম্পূর্ণভাবে আমি দায়ী থাকব ইনশাআল্লাহ।”

এই ঘটনার পর তিনি আরও স্বীকার করেন যে, গত ১৫ বছর ধরেই সিস্টার ও ওটি বয় দিয়ে অপারেশনের গুরুত্বপূর্ণ কাজ করিয়ে আসছেন।
তার এই বক্তব্য চিকিৎসা অনিয়মের অভিযোগকে আরও জোরালো করেছে। বিষয়টি জানাজানির পর রোগীর স্বজনসহ স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের পরিবর্তে ওটি স্টাফ দিয়ে এমন গুরুত্বপূর্ণ অপারেশন করানো চিকিৎসা নীতিমালা ও আইনের চরম লঙ্ঘন। এতে রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


