দোহা, ২৩ এপ্রিল:
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় দিনে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ – রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক এই আলোচনায় প্রধান উপদেষ্টা তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের মানবিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব এবং টেকসই সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বৈঠকে ড. ইউনূসের সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে, সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা দেন এবং স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারের প্রটোকল বিভাগের প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু।
উল্লেখ্য, ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ বিশ্বব্যাপী চলমান সামাজিক ও পরিবেশগত সংকট নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার একটি মঞ্চ, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।


