রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব শেখ (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিহাব শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। তিনি রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের একটি প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয়। এ সময় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এই ঘটনায় জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ অনেকেই গুলিবিদ্ধ ও মারাত্মকভাবে আহত হন।
পরবর্তীতে ২ সেপ্টেম্বর খানখানাপুর এলাকার বাসিন্দা মো. জিসান হোসাইন খান রাজবাড়ী সদর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, এসআই এনায়েত শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিহাব শেখকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সুত্রা২৪


