প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানি।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ৭২৫ সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর কল্যাণে ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, এই ব্যতিক্রমধর্মী সহযোগিতা শুধু নতুন সম্পর্কের দ্বারই খুলবে না, বরং ভবিষ্যতে জনগণ পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার একটি শক্তিশালী ভিত্তিও স্থাপন করবে।


