বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন। অথচ আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কারণ দেশের বাস্তবতায় এখনই যদি নির্বাচন হয়, বিএনপি জয়ী হবে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার থাকলেও তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এখন জনগণ সুষ্ঠু নির্বাচন চায় এবং কে দেশ পরিচালনা করবে, তা ঠিক করার ক্ষমতা জনগণেরই।
বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যেখানে উন্নয়নের কথা বলে, সেখানে বিএনপি জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। আওয়ামী লীগ কোনো প্রস্তাব দেয়নি। কাজেই সঠিক সময়ে নির্বাচন দিতে হবে, এতে কোনো ব্যত্যয় চলবে না।
একই অনুষ্ঠানে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বলেন, তারা আপাতদৃষ্টিতে ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতার সকল সুবিধা পাচ্ছে। তাদের সঙ্গে কোনো দলেই সমান মাঠে নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, “ঢাকার রূপায়ন টাওয়ারে এনসিপির দুটি ফ্লোরের বিশাল অফিসের ভাড়া কোথা থেকে আসে? বলা হয় শুভাকাঙ্ক্ষীরা দেয়। তবে যারা টাকা দেয়, তারা ভবিষ্যৎ রাষ্ট্রক্ষমতার সম্ভাবনা দেখে বিনিয়োগ করে। তাহলে কি ধরে নেব এনসিপি এখনই ক্ষমতায়?”
সংবিধান প্রসঙ্গে রুমিন বলেন, “সংবিধানে ভালো ভালো কথা থাকলেই দেশ চলবে না। বৃটেনে লিখিত সংবিধান নেই, তারপরও মানবাধিকার ও সুশাসনের দিক দিয়ে উন্নত। সংবিধান বাস্তবায়ন করতে হয় কাজের মাধ্যমে, শেখ হাসিনার মতো রাতের ভোট দিয়ে ক্ষমতায় থেকে গুম, হত্যা আর মিথ্যা মামলায় দেশ চললে গণতন্ত্র আসবে না।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।


