দলীয় পক্ষপাতিত্বে লিপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদ। বুধবার (২৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি লিখেছেন, ‘শুনলাম, ১৪ জন ভিসি শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন, কুয়েটের ভিসিকে সরানো যাবে না। পোলাপান মরলে সেটা তাদের পছন্দ (চয়েস)।’
হান্নান মাসউদ আরও বলেন, ‘এটা যদি সত্যি হয়, তাহলে ওই ১৪ জন ভিসি এবং কুয়েট ভিসিকে অবশ্যই অপসারণ করতে হবে।’ তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা ভুলে যাইনি—২ আগস্ট কয়েকজন ভিসি হাসিনার গণভবনে গিয়েছিলেন এবং বলেছিলেন, আপনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে আরও গুলি করেন।’
তার মতে, এসব ‘দলকানা’ ভিসির বিরুদ্ধে এখনই অ্যাকশন নেওয়া জরুরি এবং তিনি নিজে রাস্তায় নামতে প্রস্তুত বলে জানান।
প্রসঙ্গত, কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আজ বুধবার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তারা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। শিক্ষার্থীরা এখনো তাদের এক দফা দাবিতে অনড়।


