ময়মনসিংহ প্রতিনিধি:
নির্বাচন কমিশনের (ইসি) সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ইসি যদি সত্যিই ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে চায়, তাহলে আগে স্থানীয় নির্বাচন দিয়ে নিজেদের পরীক্ষায় নামুক। আমরা দেখতে চাই তাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। জনগণ সন্তুষ্ট হলে তারাই আপনাদের পূর্ণ সমর্থন দেবে। আর যদি ব্যর্থ হন, জনগণ তখন হলুদ নয়, লাল কার্ড দেখাবে।”
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান এবং মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সুহেল।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শোষণ, জুলুম ও নিপীড়ন থাকবে না, দুর্নীতির চ্যাম্পিয়ন নয় বরং একটি ন্যায়ের সমাজ গড়ে উঠবে।”
তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে বলেন, রমজানে কিছুটা সহনীয় থাকলেও এখন আবারও বাজার অস্থির হয়ে উঠেছে। এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান তিনি।
নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, “সাম্প্রতিক রিপোর্টে যেসব সুপারিশ করা হয়েছে, তা কোরআন-সুন্নাহর বিরুদ্ধে। এই দেশের সাড়ে ৯ কোটি মা-বোনের প্রতিনিধিত্ব তারা করেন না।”
এসময় তিনি আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “জাতীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষে উভয় ব্যবস্থায় এমন পদ্ধতি চালু করা উচিত।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “তরুণরাই ভবিষ্যতের নেতা। যতদিন ন্যায্য দাবি আদায় না হবে, তোমরা লড়াই চালিয়ে যাবে। আমরা চাই, তোমাদের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ে উঠুক।”
দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহে জামায়াতের এমন কর্মী সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। নগরীর সার্কিট হাউস মাঠে প্রায় ৮০ হাজার স্কয়ার ফিটের এলাকাজুড়ে জমায়েতে হাজারো নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।


