ঢাকা, ২৬ এপ্রিল:
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না, পরোয়া করে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের বিষয়ে জামায়াত সবসময় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখবে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো হস্তক্ষেপ মেনে নিই না। এ জন্য কোনো রাষ্ট্রের চাপ বা ভয়ও করি না।” তিনি আরও বলেন, “একটি টেকসই এবং গ্রহণযোগ্য গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রয়েছে, যেখানে নির্বাচন হয় ক্যাম্পেইন, প্রার্থী বা প্যানেল ছাড়াই।”
সভায় ডা. তাহের উল্লেখ করেন, দেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চায় জামায়াত। তিনি বলেন, “গত তিনটি মেয়াদে যে নির্বাচন হয়েছে, তা প্রকৃত অর্থে কোনো নির্বাচন ছিল না। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এর ফলে যে সংকট সৃষ্টি হয়েছে, তা আজ জাতি ভোগ করছে।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াতের এই শীর্ষনেতা বলেন, “বাংলাদেশের বর্তমান দুরাবস্থার অন্যতম প্রধান কারণ দুর্নীতি। আমরা চাই দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি বাংলাদেশ।” তিনি আরও বলেন, “ভোট ছাড়া নির্বাচন, পরিশ্রম ছাড়া আয় এবং উন্নয়ন বরাদ্দের অপব্যবহার বড় দুর্নীতি।”
শিক্ষা ও নৈতিকতা প্রসঙ্গে ডা. তাহের বলেন, “আমরা উন্নত নৈতিক শিক্ষাব্যবস্থা চাই, যা দিয়ে আলোকিত সমাজ গড়া সম্ভব। নৈতিকতা ও জবাবদিহিতার অভাবই দেশের বড় সমস্যা।”
সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে জানানো হয়, দেশের প্রয়োজনীয় গঠনমূলক, ইতিবাচক ও বাস্তবভিত্তিক সংস্কারে জামায়াত সম্পূর্ণ সহযোগিতা করবে।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন এবং মতিউর রহমান আকন্দ।


