রোম, ২৫ এপ্রিল:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। এ সময় তিনি দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে কাতার থেকে যাত্রা করে দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টা) রোমে পৌঁছান অধ্যাপক ইউনূস। রোমের বিমানবন্দরে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে অভ্যর্থনা জানান।
প্রধান উপদেষ্টা রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর স্থানীয় সময় বিকেলে সেন্ট পিটার স্কয়ারে যান এবং সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে তিনি পুনরায় সেন্ট পিটার স্কয়ারে যাবেন।
পরিকল্পনা অনুযায়ী, ২৭ এপ্রিল সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। আগামী সোমবার (২৮ এপ্রিল) ভোরে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।


