জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, তাতে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছরই চায়।
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভার মধ্যবর্তী সময়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, “সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার। আমরা দ্বিমত জানিয়েছি। আমরা বলেছি, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছরই থাকা উচিত।”
তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামায়াত। ডা. তাহের বলেন, “দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এর গঠনপ্রক্রিয়া, স্বভাব ও কাঠামো সম্পর্কে আরও আলোচনা চলছে।”
তিনি জানান, জামায়াত অত্যন্ত গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছে এবং দেশের কল্যাণে যেসব প্রস্তাব প্রয়োজন সেগুলোতে সম্মতি দিচ্ছে। “ব্যক্তি বা দল নয়, আমাদের কাছে বাংলাদেশের মানুষ, ভবিষ্যৎ এবং সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশই মুখ্য।”
মতবিনিময় সভায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
জামায়াতের পক্ষ থেকে অংশ নেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।


