এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালনের পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। যখন সময় আসবে, দেশের মানুষের জন্য যেটা সর্বোত্তম বা ভালো মনে হবে, সেখানেই যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।’
গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে। তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বর্তমানে অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নতুন দল আত্মপ্রকাশের পর অনেকের ধারণা ছিল, তারাও এতে যোগ দিতে পারেন। তবে আসিফ মাহমুদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, এখনো তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি।


