জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে একই ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাবে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ পুনরায় কার্যকরেরও সুপারিশ করেছে।
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, “আমরা প্রস্তাব করেছি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। আলোচনা আজ সম্পূর্ণ হয়নি, আবারও বৈঠক হবে। আমরা তাড়াহুড়ো করছি না; চাই উল্লেখযোগ্য সংস্কার নিশ্চিত করতে।”
ডা. তাহের জানান, কমিশনের সঙ্গে একমত হয়েছি যে, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদে কিছু সংশোধন আনতে কমিশনের প্রস্তাবের সঙ্গেও একমত হয়েছে জামায়াত। প্রস্তাব অনুযায়ী, সংবিধান পরিবর্তন, অর্থবিল বা বাজেট অনুমোদন এবং আস্থা ভোট ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মতামত দিতে পারবেন।
এছাড়া ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের বিষয়ে নীতিগতভাবে একমত হলেও জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এই কাউন্সিলের বাইরে রাখার সুপারিশ করা হয়েছে।
নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে ডা. তাহের বলেন, “আমরা আনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতির নির্বাচন চেয়েছি। এটি হলে ভোটের দুর্নীতি, জবরদখল ও টাকার প্রভাব কমবে। বিশ্বের প্রায় ৬০টি দেশ এই পদ্ধতি অনুসরণ করছে।”
তিনি আরও জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবেও তারা সমর্থন জানিয়েছে। নারী আসন সংক্রান্ত বিষয়ে আংশিক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
ডা. তাহের বলেন, “আজ মূলত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান কীভাবে পরিবর্তন হবে, সে বিষয়ে পরে আরও আলোচনা হবে। বহুত্ববাদ বাদ দিয়ে একত্ববাদ পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি।”
সুত্রা২৪


