29 C
Dhaka
Monday, June 15, 2026

আগামী নির্বাচন হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ : আমিনুল হক

advertisment
- Advertisement -spot_img

আগামী নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “নির্বাচন কঠিন হবে কারণ নতুন প্রজন্মের বিশাল একটি অংশ এবার প্রথমবারের মতো ভোটার হিসেবে যুক্ত হয়েছে। তাদের চিন্তা ও চেতনা বুঝে আমাদেরকে কাজ করতে হবে। তরুণ ভোটারদের মনের কথা জানতে হবে এবং তাদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, “৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়েছে। শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিকৃত ইতিহাস সংশোধন এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা চালুর প্রতিশ্রুতিও রয়েছে। এসব প্রতিশ্রুতি জনগণের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কোনো বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা ভুলে যেতে হবে। কাদা ছোড়াছুড়ি নয়, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও এবিএমএ রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ