27.2 C
Dhaka
Monday, June 15, 2026

সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নেই: আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

সংস্কার প্রস্তাবের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তার বাইরে গিয়ে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “এর বাইরে কিছু করতে চাইলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে জনগণের রায় নিতে হবে।”

রোববার (২৭ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও, যিনি আমীর খসরুর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন আমীর খসরু। তিনি বলেন, “আলোচনা শেষ। এখন জাতিকে জানানো হোক কোথায় ঐকমত্য হয়েছে।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, “বাংলাদেশে বাকশাল করার কোনো ইচ্ছা নেই। সব দলকে একমত করানোর চিন্তাভাবনা বাকশালী মানসিকতার প্রকাশ।”

বৈঠক শেষে আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ না করে দ্রুত একটি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা এখন জনগণের দাবি। তিনি অভিযোগ করেন, “২০১৪ সাল থেকে দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই, নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হোক।”

পার্থ আরও বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তবে আমাদের আন্দোলনের ফসল এই সরকার। আমরা চেয়েছি তারা সফল হোক, ব্যর্থ না হোক।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কারের আড়ালে নির্বাচন পেছানোর চেষ্টা করা বা অনিশ্চয়তা তৈরি করা দেশের জন্য ক্ষতিকর হবে। জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্কার যদি পরবর্তী সরকার কার্যকর না করে, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বিজেপির পক্ষে মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদসহ দলের ১০ সদস্যের প্রতিনিধি দল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ