27.3 C
Dhaka
Monday, June 22, 2026

নির্বাচনের আগের সময়টা কঠিন, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচনের আগের সময়টা অনেকটা কঠিন। তাই পুলিশকে সজাগ থাকতে হবে, যেন পরাজিত শক্তি কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “বিগত ১৫ বছর ধরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়, যার কারণে অনেক সৎ অফিসারকেও মূল্য দিতে হয়েছে।”

তিনি জানান, স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়লেও অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে বাহিনীকে উজ্জীবিত করতে। সরকার পুলিশের কাজের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে বলে জানান তিনি।

নারীর প্রতি সহিংসতা রোধে সংবেদনশীলভাবে কাজ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “নিরাপত্তার দিক থেকে দেশ অনেক এগিয়েছে। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে পারলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, এই স্বপ্ন পূরণের অন্যতম শক্তি পুলিশ। বড় চ্যালেঞ্জ হলো—স্বৈরাচার আমলে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, তা কমিয়ে আনা। আমাদের লক্ষ্য মানুষকে বন্ধু হিসেবে পাশে পেতে পুলিশকে বিশ্বাসযোগ্য করে তোলা।”

দেশের ভবিষ্যৎ নিয়ে ড. ইউনূস বলেন, “আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। জুলাই অভ্যুত্থান আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হারালে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “আমরা এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। অশুভ শক্তি আমাদের ঐক্য ও স্বপ্নকে ধ্বংস করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশকে তাই সর্বদা সজাগ থাকতে হবে।”

তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

“ভবিষ্যতে যেন পুলিশ বাহিনীকে আর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়, সে জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি,” বলেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ