28.6 C
Dhaka
Monday, June 15, 2026

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে জনগণ ক্ষমা করবে না: আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ছিল না, এখন তারাই বলছে নির্বাচন না হলেই ভালো। তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা নির্বাচন ঠেকাতে চায়, তাদের জনগণ ক্ষমা করবে না এবং ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তাদের কোনো ইচ্ছা পূরণ হবে না।”

বৃহস্পতিবার (১ মে) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িস্থ বিএনপি কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতায় আসার বৈধতা দেবে না। যারা নানা শর্ত দিয়ে নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা আসলে নির্বাচিত সরকারের ভয়েই এসব করছে।”

তিনি বিএনপির ৩১ দফার রোডম্যাপ তুলে ধরে বলেন, এতে শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি কল্যাণমূলক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে এখন একটি অনির্বাচিত সরকার চলছে, যার ফলে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন, মালিক-প্রশাসনের একচেটিয়ায় নিপীড়নের শিকার হচ্ছেন।

সম্প্রতি জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্ভাব্য মানবিক করিডোর নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচিত সরকার থাকলে এমন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় সংসদে আলোচনা হতো। এখন সিদ্ধান্ত নিচ্ছে কারা—তা জাতি জানে না।”

খসরু বলেন, “শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ হতে হবে, যেন বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক না ছড়ায়।” তিনি বলেন, শ্রমিকদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, “আমরা ১৬ বছর ধরে লড়াই করছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। নির্বাচন ছাড়া জনগণের মালিকানা ও জবাবদিহিমূলক সরকার সম্ভব নয়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ