বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “বাংলাদেশ দরিদ্র দেশ নয়, এটি অব্যবস্থাপনা ও দুর্নীতিতে ভরা দেশ। এখন যে পরিস্থিতিতে দেশকে হাতে পেয়েছি, ফেরেশতা এলেও কয়েক মাসে এটি সঠিক করতে পারবে না।”
শনিবার (৩ মে) ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত ‘পিএফএস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের অগাধ সম্পদ রয়েছে, কিন্তু সেই সম্পদকে কাজে লাগাতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে এখনো পানিতে আর্সেনিক পাওয়া যায়। কেন আমরা এখনো ভূপৃষ্ঠের পানিকে শোধন করতে পারছি না? ইন্ডাস্ট্রি এসে সেই পানির উৎস ধ্বংস করে দেয়, আর স্থানীয় জনগণ কিছু বলতেও পারে না। এটা আমাদের ব্যর্থতা।”
গার্মেন্টস খাতের প্রসঙ্গে তিনি বলেন, “যারা শ্রমিককে অতিরিক্ত ৫ টাকা দিতে চায় না, তারা কীভাবে পরিবেশ বা নদী রক্ষা করবে?” দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তিনি বলেন, “দেশের বড় হোক বা ছোট — সর্বত্র একটি ধ্বংসাত্মক নীতি ও চর্চা চলছে, যা গত ৫৪ বছর ধরে লালন করে আসছি।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, ৩০ হাজার মানুষ পঙ্গু এবং ১৫০০ মানুষ মারা গেছেন, যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। এ বিষয়ে তিনি বলেন, “আমরা চাই সব রাজনৈতিক দল নিজেদের সংস্কার করুক, তারপর আমাদের পাশে এসে দাঁড়াক। দেশের জন্য একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সময়টা সঠিক নীতিমালা তৈরির জন্য “মোক্ষম সময়” এবং রাজনৈতিক দলগুলোকে এখনই সুচিন্তিত পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। “এই সরকারের দরজা খোলা আছে। কিন্তু একা কিছু করা সম্ভব নয়। সবাইকে নিয়ে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত পরিবেশবাদীদের উদ্দেশে শারমীন বলেন, “আপনারা দ্রুত কাজ করুন। নদী রক্ষা করুন। পিএফএস দূষণ থেকে আমাদের পানি ও মানুষকে বাঁচান।”


