28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন অভিনেতা পলাশ

advertisment
- Advertisement -spot_img

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের পক্ষ থেকে একটি বিশেষ উপহার পেয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহার হিসেবে তাকে দেওয়া হয়েছে একটি ভিনটেজ পানির বোতলের আদলে তৈরি বিশেষ সামগ্রী এবং একটি ব্রাজিলিয়ান জার্সি।

এই বিশেষ উপহারটি পলাশের হাতে তুলে দেন নেইমারের ঘনিষ্ঠজন ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া। বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করছেন রবিন। শুক্রবার পলাশ তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, রবিন তাকে উপহারটি দিচ্ছেন এবং এর পেছনের গল্প তুলে ধরছেন।

রবিন মিয়া জানান, উপহারটি সরাসরি ব্রাজিল থেকে আনা হয়েছে এবং এটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষভাবে তৈরি। এই বোতলের গায়ে যে শিল্পকর্ম রয়েছে, তা ওই ইনস্টিটিউটে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে আঁকা।

“পলাশ এই উপহারটি ডিজার্ভ করেন। কারণ সে নেইমার ও ব্রাজিলের একজন একনিষ্ঠ সমর্থক, এবং নিজেও সমাজসেবামূলক কাজে যুক্ত,” — বলেন রবিন মিয়া। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ইভেন্টে পলাশকে নেইমারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত পলাশ বলেন, “এই উপহার আমার জন্য অনেক স্পেশাল। বোতলের গায়ে যেসব শিল্পকর্ম করা— সব ওই সুবিধাবঞ্চিত বাচ্চাদের হাতের কাজ। আমি নিজেও একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের জন্য কাজ করি, সেটা রবিন ভাই জানতেন। নেইমার এই খবর পেয়ে খুশি হয়েছেন— এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”

উল্লেখ্য, ব্রাজিলের নেইমার জুনিয়র ইনস্টিটিউট সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে কাজ করে থাকে এবং আন্তর্জাতিক সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ